টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের চিন্তায় পাকিস্তান, ক্ষতির শঙ্কায় আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। টুর্নামেন্টে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।
এর আগে বিশ্বকাপ সংক্রান্ত একাধিক ইস্যুতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসছিল পাকিস্তান। তবে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে পিসিবির সূত্রের বরাতে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার পরিকল্পনা রয়েছে। একই তথ্য জানিয়েছে জিও সুপারও। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান পুরো টুর্নামেন্ট নয়, কেবল গ্রুপ পর্বের ভারত ম্যাচটি না খেলার বিষয়টি বিবেচনা করছে।
সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান দল তাদের গ্রুপের সব ম্যাচই শ্রীলঙ্কায় খেলার কথা রয়েছে। বোর্ডের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, প্রতিবাদের বিভিন্ন পথ পর্যালোচনা করা হচ্ছে এবং সব বিকল্পই খোলা রাখা হয়েছে। এমনকি প্রয়োজন হলে পুরো টুর্নামেন্টে অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, ভারত ম্যাচ বয়কটের মাধ্যমে আইসিসিকে আর্থিক চাপের মুখে ফেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে গ্রুপ পর্বের দুই পয়েন্ট হারালেও সেটিকে বড় বাধা হিসেবে দেখছে না পাকিস্তান।
সবশেষ তথ্য অনুযায়ী, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার ২২ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। সেখানে ফেডারেল সরকারের অবস্থান জানার পরই পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বিশ্বকাপে পুরো দল পাঠানো হবে নাকি কেবল ভারত ম্যাচ বয়কট করা হবে, সে সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।
উল্লেখ্য, সম্ভাব্য এই সিদ্ধান্তের মধ্যেই পাকিস্তান ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেছে।