বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে অমার্জনীয় ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে একটি নোটিশ নিয়ে আলোচনার সময় তিনি এ প্রতিক্রিয়া জানান। ডেপুটি স্পিকার বলেন, বাঁধনের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেখানে নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে। এদিন জাতীয় সংসদেও ঘটনার প্রতিবাদ জানানো হয়।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে গিয়ে হামলার শিকার হন অভিনেত্রী বাঁধন। অভিযোগ অনুযায়ী, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের ওপর হামলা ও হেনস্তা করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগও উঠেছে।
ঘটনার পর দেশের শোবিজ অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।