ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার
তিন দিনের সরকারি সফর শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা থেকে ঢাকায় ফেরার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে গড়ে উঠতে হবে।
স্পিকার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক প্রয়োজন। তবে অতীতে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যে ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের’ ধারণা উঠে এসেছিল, বাংলাদেশ তেমন সম্পর্ক চায় না। পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতেই সুসম্পর্ক হওয়া প্রয়োজন।
বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারতের কিছু কর্মকাণ্ডে বাংলাদেশের আপত্তি রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দেওয়া এবং সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়াকে তিনি প্রতিবেশীসুলভ আচরণ হিসেবে দেখছেন না।
হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রয়োজন হলেও দেশটির বর্তমান আচরণে সেই আগ্রহের ইতিবাচক লক্ষণ এখনো দৃশ্যমান নয়। দুই দেশের যোগাযোগ মূলত দূত ও কূটনৈতিক পর্যায়ের আলোচনার মধ্যেই সীমিত রয়েছে। ব্রিকস নিয়েও ভারত বাংলাদেশকে স্পষ্টভাবে কিছু জানায়নি বলে মন্তব্য করেন তিনি।
এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসন ও রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।