গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট সমাধানে গাড়ির লংমার্চ কোনো কার্যকর উপায় নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, লংমার্চ করেই যদি এ সংকটের সমাধান সম্ভব হতো, তাহলে সরকারই সবার আগে এমন কর্মসূচি নিত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের মানুষ ভোগান্তিতে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিরোধীদলের সহযোগিতা আশা করেছিল, কিন্তু তার পরিবর্তে বিরোধীদল বড় আকারে গাড়ির লংমার্চের আয়োজন করেছে।
তারেক রহমান বলেন, জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে সংকট নিরসনে কর্মসূচির চেয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ বেশি প্রয়োজন।
সংসদ সদস্যদের দায়িত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি দল বা বিরোধীদল নির্বিশেষে প্রত্যেক জনপ্রতিনিধির দায়িত্ব দেশের বাস্তব অবস্থা ও সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরা।
তিনি বলেন, আগের শাসনামল থেকে পাওয়া সমস্যাগুলোকে সরকার অজুহাত হিসেবে ব্যবহার করতে চায় না। বরং পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জনজীবনে স্বস্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদ্যুৎ সংকট মোকাবিলায় অফিসের সময়সূচি পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো এবং ব্যাংক লেনদেনের সময় কমানোর উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সমস্যার দায় এড়িয়ে যেতে চায় না।
কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলার নামে নেওয়া এ ব্যবস্থায় কিছু ব্যক্তি সুবিধা পেলেও রাষ্ট্র ঋণগ্রস্ত ও আর্থিকভাবে দুর্বল হয়েছে।