র্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিলুপ্ত র্যাবের সঙ্গে নতুন করে গঠিত হতে যাওয়া এসআরবির কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, র্যাব বিলুপ্ত হওয়ার পর এর রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে নতুন সংস্থায় হস্তান্তর করা হবে। তবে সাংগঠনিকভাবে র্যাব ও এসআরবি এক নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র্যাব বিলুপ্ত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকারের অংশ। একই সঙ্গে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সময়ের প্রয়োজন বিবেচনায় নতুন একটি বাহিনী গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটেই এসআরবি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিলটি দ্রুত পাসের উদ্যোগ নিয়ে বিরোধী দলের আপত্তির জবাবে তিনি বলেন, র্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারেও ছিল এবং এ বিষয়ে বিভিন্ন পক্ষের দাবি ছিল।
বিল নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি, এমন অভিযোগও নাকচ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংসদে উত্থাপনের পর কয়েক কার্যদিবস ধরে বিলটি নিয়ে আলোচনা হয়েছে। স্থায়ী কমিটিতেও বিষয়টি পর্যালোচনা করা হয়েছে এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত খসড়ার ওপর বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্থায়ী কমিটির প্রতিবেদনে বিরোধী সদস্যদের দেওয়া কিছু সংশোধনী প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।