প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এরপর ৪ অক্টোবর তাদের নিজ নিজ বিদ্যালয়ে পদায়ন করা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের জবাব দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্যে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। তারা ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং ৪ অক্টোবর বিদ্যালয়ে পদায়ন পাবেন।
এ ছাড়া প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য বর্তমানে ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য রয়েছে। হাইকোর্ট বিভাগে করা রিট পিটিশন নং ৭৩/২০২৩ নিষ্পত্তি হওয়ায় পদোন্নতির মাধ্যমে এসব শূন্য পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে।