৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা
বিশ্বের ৪১টি দেশে পর্যায়ক্রমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে সিলেট ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে ১৭টি দেশের ২৭টি বাংলাদেশ মিশনে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম শুরু হয়েছে। আবেদন বাংলাদেশ মিশনে গ্রহণ করা হলেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে নির্বাচন কমিশন। মোট ৪১টি দেশে এই সেবা পর্যায়ক্রমে চালুর জন্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ডক্টর খলিলুর রহমান বলেন, যেসব বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম রয়েছে, সেখানে অনলাইনে আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক নিবন্ধন এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ রয়েছে। মিশন আবেদন গ্রহণ করলেও পাসপোর্ট ইস্যু করে ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। দ্রুত পাসপোর্ট পৌঁছে দিতে মিশনগুলো অধিদপ্তরের সঙ্গে নিয়মিত সমন্বয় করে এবং পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই মেইলে জানানো হয়।
তিনি আরও জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ কর্মসূচির আওতায় দেশ দুটির বাংলাদেশ মিশনে ঢাকা থেকে কারিগরি দক্ষতাসম্পন্ন দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
কনস্যুলার সেবা সহজ করতে অনলাইন সত্যায়ন ও ই অ্যাপোস্টিল ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ পাওয়া যাচ্ছে, ফলে সেবাগ্রহীতাদের সময়, ব্যয় ও ভোগান্তি কমছে।
২০২৬ থেকে ২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অনলাইন ব্যবস্থা তৈরির উদ্যোগও রয়েছে। পাশাপাশি প্রতিটি বাংলাদেশ মিশনে অনলাইন গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম চালু রয়েছে। অভিযোগ দ্রুত নিষ্পত্তি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ এবং সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে।