বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বাণিজ্যিক জাহাজে হামলা এবং তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে লেনদেন হচ্ছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যে সাম্প্রতিক জাহাজ হামলার ঘটনায় তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ কমে গেলে বৈশ্বিক মজুত আরও সংকুচিত হতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে চলতি ও আগামী বছরের তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। সংস্থাটির হিসাবে, চলতি বছর ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।
একইভাবে ডব্লিউটিআই ক্রুডের গড় দাম চলতি বছর ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হয়েছে। এটিও আগের পূর্বাভাসের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।
তবে ইআইএর সর্বশেষ পূর্বাভাস ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল, অর্থাৎ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা আরও তীব্র হওয়ার আগেই। ফলে পরিস্থিতির অবনতি হলে তেলের দামের পূর্বাভাস আবারও সংশোধন হতে পারে।