বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া কোনো স্লিপার বাস সড়কে চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৯ সেপ্টেম্বর) মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মোর্শেদ এ মাওলা সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম এবং আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম আল ফেসানি।
আবেদনকারী পক্ষের আইনজীবী হুজ্জাতুল ইসলাম আল ফেসানি বলেন, স্লিপার বাস চলাচল নিয়ে বিআরটিএর একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত জানিয়েছেন, বিআরটিএ যেসব বাসকে অনুমোদন দিয়েছে, শুধু সেসব বাসই সড়কে চলতে পারবে।
বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী যানবাহনের নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে আইনের ৮৪ ধারায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া ২৮ ধারা অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলতে পারে না।
তিনি জানান, স্লিপার বাস চালানোর জন্য বর্তমানে বিআরটিএর কোনো অনুমোদন নেই এবং হাইকোর্টও আলাদা কোনো অনুমতি দেননি। ফলে নিয়মের বাইরে এ ধরনের বাস সড়কে চলাচলের সুযোগ নেই।