৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমমধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্য ছয় বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেটে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের আট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে সামগ্রিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।