খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজন আটক
খুলনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি খুলনা জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী।
স্থানীয় ও পুলিশ সূত্র অনুযায়ী, নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য তিনি কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন। সোমবার দুপুরে তিন যুবক ওই বাড়িতে যান। অভিযোগ অনুযায়ী, তাদের একজন নিজেকে এনসিপির নেতা পরিচয় দিয়ে দাবি করেন, বাড়িতে আওয়ামী লীগের একজন নেতা আত্মগোপনে রয়েছেন। এ সময় তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা দাবি করেন।
ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে জানান বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি জানান, আটক ব্যক্তিদের একজন নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন এবং ২০ লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।