বিশ্ববাজারে আবার কমল সোনার দাম
বিশ্ববাজারে আবার কমেছে সোনার দাম। যুক্তরাষ্ট্রে শক্তিশালী কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় মূল্যবান ধাতুটির দামে চাপ তৈরি হয়েছে।
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে দাম ২ শতাংশের বেশি কমে ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নেমেছিল।
একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচার ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন শেষ করেছে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, শক্তিশালী কর্মসংস্থানের কারণে চলতি মাসেই ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। সুদের হার বাড়লে সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কিছুটা কমে।
বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশের বাজারে উল্টো চিত্র দেখা যাচ্ছে। টানা তিন দফা কমার পর দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।