জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরুর আগে রাজধানীর শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় এবং সোয়া ৮টার পর গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
শফিকুর রহমান বলেন, তাদের এ কর্মসূচি কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়; দেশের মানুষের অধিকার আদায়ের দাবিতেই তারা রাজপথে নেমেছেন। জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে, জনগণও তাদের ছাড় দেবে না বলে মন্তব্য করেন তিনি।
দেশে গ্যাস, পানি ও বিদ্যুতের সংকটের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, সেবা না থাকলেও মানুষকে নিয়মিত বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি ও দুর্নীতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে দাবি করে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, চট্টগ্রাম যাওয়ার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হবে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, লং মার্চে বাধা দেওয়া হলে ছয় দফা দাবি এক দফায় পরিণত হতে পারে। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের কথা জানান তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন। এছাড়া এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতা সমাবেশে বক্তব্য দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর রেলপথে সিলেট অভিমুখে লং মার্চের পরিকল্পনা রয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এ কর্মসূচি শেষ হওয়ার কথা।