তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা, রক্ষণাবেক্ষণ কাজকে দায়ী করছে কর্তৃপক্ষ
দেশে টানা কয়েকদিন ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার কারণ হিসেবে নির্ধারিত সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজকে উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার ৮ এপ্রিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময় ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ মি উই ৫ এর আওতায় একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই কাজ প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে চলবে।
রক্ষণাবেক্ষণের সময় আন্তর্জাতিক ডাটা ট্রাফিক বিশেষ করে সিঙ্গাপুরমুখী সংযোগ আংশিকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের গতি কমে যাওয়া বা সাময়িক বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভোগান্তি কমানো যায়।
এছাড়া সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।