জৈন্তাপুরে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ পণ্য জব্দ, গ্রেপ্তার ৪
সিলেটের জৈন্তাপুরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ২৭ মার্চ রাত সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পরিচালিত তল্লাশিতে ঢাকা মেট্রো ব ১১ ৬৬০৩ নম্বরের রাফী উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট ও খোলা জিরা জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে কিটক্যাট, সাফারি, পার্ক, ডেইরি মিল্ক, ফাইভ স্টার, স্নিকার্সসহ বিভিন্ন ধরনের চকলেট এবং উল্লেখযোগ্য পরিমাণ খোলা জিরা। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে জড়িত থাকার অভিযোগে নাজমুল মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ রনি ও হিমাংশু চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করা হয়। তারা পরস্পরের যোগসাজশে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে পণ্য এনে শুল্ক ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি ও বাজারব্যবস্থাকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।