জৈন্তাপুরে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, দোকান সিলগালা, গরু নিলামে বিক্রি
সুয়েব রানা: সিলেট
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা করার ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযান চালিয়ে একটি দোকান সিলগালা করা হয়েছে। এ সময় মৃত গরুর মাংস মাটি চাপা দেওয়া হয় এবং একটি গরু জব্দ করে মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
সোমবার ১৬ মার্চ হরিপুর বাজারে এক কসাই মৃত গরুর মাংস বিক্রি করার সময় স্থানীয় জনতা বিষয়টি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে কসাইরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড পলি রাণী দেব দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ব্যবস্থা নেন।
তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে মৃত গরুর মাংস মাটি চাপা দেওয়া হয় এবং একটি জীবিত গরু জব্দ করে মুক্ত নিলামের মাধ্যমে ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি ফ্রিজ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দোকান সিলগালা করে দেওয়া হয়।
অভিযানের সময় দোকানের ভেতরের ফ্রিজ তল্লাশি করে ছোট ছোট গরুর বাচ্চা পাওয়া যায়। এ দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনতা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি পলি রাণী দেব বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বিক্রি করা গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান।