সিলেটের আলিয়া মাঠে বিএনপির জনসভায় অংশ নেবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর প্রস্তুতি নিচ্ছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতীক বরাদ্দের পরপরই দেশব্যাপী প্রচারণা শুরু করা হবে এবং এর সূচনা হবে সিলেট থেকে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসবেন। এর আগের দিন ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর সিলেট থেকেই দলের নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
সফরের দিন সকালে তারেক রহমান সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহ ও হযরত শাহপরাণ রহ এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এছাড়া একই দিন সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় হবিগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, সিলেট সফর ও জনসভাকে ঘিরে দলীয় পর্যায়ে প্রস্তুতি চলছে এবং জনসভা সফল করতে নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় নেতাদের মতে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর এই কর্মসূচি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।