বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমঅর্থনীতিআজ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমবে, আবাসিক গ্রাহকদের চাপ আরও কমার আশঙ্কা

আজ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমবে, আবাসিক গ্রাহকদের চাপ আরও কমার আশঙ্কা

icon
দর্পণ টিভি লন্ডন
আজ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমবে, আবাসিক গ্রাহকদের চাপ আরও কমার আশঙ্কা

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে আজ শনিবার দুপুর থেকে টানা ২৪ ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও কমবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এ সময়ে প্রায় ৩০ থেকে ৩৫ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হতে পারে। মার্কিন কোম্পানি এক্সিলেরেটের একটি ভাসমান এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে আজ থেকেই দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে বসতবাড়ি, দোকানপাট, শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাপ আগের তুলনায় কম অনুভূত হতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। তাদের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ সময় এলএনজি থেকে জাতীয় গ্রিডে সরবরাহ কম থাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ হচ্ছে আনুমানিক ২৫০ থেকে ২৬০ কোটি ঘনফুট। ফলে প্রতিদিন ১২০ কোটি ঘনফুটের বেশি ঘাটতি থাকছে। এ ঘাটতি সামাল দিতে এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়লেও টার্মিনাল রক্ষণাবেক্ষণের সময় সেই সরবরাহও কমে যাচ্ছে।

সবচেয়ে বেশি ভোগান্তির কথা জানাচ্ছেন বসতবাড়ির গ্রাহকরা। ঢাকা ও আশপাশের এলাকায় সকাল ও সন্ধ্যার রান্নার সময়ে অনেক স্থানে চুলায় আগুন জ্বালানো যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। শীতের সময় রান্নাসহ দৈনন্দিন কাজে এই সংকট আরও ভোগাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

পাইপলাইনের গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহৃত এলপিজির বাজারেও চাপ বাড়ার কথা বলছেন ব্যবসায়ীরা। তাদের মতে, শীতকালে চাহিদা বৃদ্ধি, পরিবহণ জটিলতা এবং আমদানিনির্ভরতার কারণে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ফলে অনেক এলাকায় সময়মতো সিলিন্ডার না পাওয়া এবং কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ উঠছে।

গ্যাস সংকটের প্রভাব শিল্প ও বিদ্যুৎ খাতেও পড়ছে। বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, শিফট কমানো এবং আংশিকভাবে উৎপাদন বন্ধ রাখার মতো পরিস্থিতির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে গ্যাস ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ছে, এতে উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে এলএনজি থেকে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক করা হবে। তবে চাহিদার তুলনায় সামগ্রিক সরবরাহ কম থাকায় বসতবাড়িসহ সব খাতে পুরোপুরি স্বস্তি ফিরতে কিছুটা সময় লাগতে পারে। সাময়িক ভোগান্তির জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে গ্যাস সাশ্রয় করে ব্যবহারের আহ্বান জানিয়েছে।