শিল্পখাতে গ্যাসের বিকল্প জ্বালানি ব্যবহারের রূপরেখা করছে সরকার
দেশের শিল্পখাতে জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারের রূপরেখা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার, ২২ আগস্ট, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিকের নতুন ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়িত হলে শিল্পখাতের লোডশেডিং অনেকটাই কমবে। একই সঙ্গে শিল্প প্লটে গ্যাসের বিকল্প হিসেবে ধানের তুষ ও কয়লা ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি জানান, দেশে প্রতিদিন প্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার সম্ভব। স্টোরেজ সুবিধা থাকলে এই বিদ্যুৎ সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ও ব্যবহার করা যাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতিতে বর্তমানে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকার এই হার ৫০ শতাংশে উন্নীত করতে চায়।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় অধিক জ্বালানিনির্ভর শিল্পের পরিবর্তে কম বিনিয়োগের পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।