বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব
ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব দাবি করেছেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান এক দিন আবার ভারতের অংশ হয়ে যাবে। এ বিষয়ে তিনি ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) ভারতের ছত্তীসগঢ়ের রায়পুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছে। তার দাবি, এ ধরনের ঘটনা মানব সভ্যতার ইতিহাসে বড় নিষ্ঠুরতার উদাহরণ।
ধর্মীয় বিষয়ে কথা বলতে গিয়ে রামদেব বলেন, হিন্দু, খ্রিস্টান বা মুসলিম—কোনো ধর্মই ভারতে বিপন্ন নয়। তার মতে, দেশের সম্মান ও মর্যাদাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি সনাতন ধর্মের প্রশংসা করে বলেন, এই ধর্ম ও সংস্কৃতির মধ্যে কোনো মৌলিক ত্রুটি নেই। সমাজের কিছু মানুষের কারণে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের লক্ষ্য তুলে ধরে রামদেব বলেন, তিনি ভারতকে বিশ্বের অন্যতম সেরা গণতন্ত্র হিসেবে দেখতে চান। পাশাপাশি ভারতীয় অর্থনীতিকে বিশ্বের শীর্ষে নেওয়া, রুপির মান বৃদ্ধি এবং ভারতীয় পাসপোর্টকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে ভারত যেন সমান সম্মান অর্জন করতে পারে, সেটিই তার প্রত্যাশা।