উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিবিটি সিডাব্লিউ মিডিয়া। রানার আপ হয়েছে অনলাইন ওয়ারিয়র্স এবং তৃতীয় স্থান অর্জন করেছে চ্যানেল এস।
রোববার ৩০ আগস্ট ইলফোর্ডের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য, দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণবন্ত লড়াই উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করে বিবিটি সিডাব্লিউ মিডিয়া ৮ ওভারে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অনলাইন ওয়ারিয়র্স শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে। নির্ধারিত ৮ ওভার শেষে দলটি ৭৮ রান সংগ্রহ করে। ফলে ৩৮ রানের ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিজেদের করে নেয় বিবিটি সিডাব্লিউ মিডিয়া।
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জাফর নিয়াজ। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন এখলাছুর রহমান পাক্কু এবং সেরা বোলার নির্বাচিত হন আতিকুর রহমান।
খেলা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আকরামুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ট্রেজারার আব্দুল হান্নান।
এ সময় টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এক্সেল টিউটরের পক্ষে আনিসুজ্জামান, প্রিন্ট ল্যাবের পক্ষে প্রেস ক্লাবের সাবেক সদস্য ওমর ফারুক এবং একতা একাডেমির পক্ষে মিজান রহমান বক্তব্য রাখেন। এছাড়া ফিস্ট এন্ড মিস্টি, ফুডবাজার, কিলার উইলিয়াম ও রমফোর্ড রাইডার্স ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর হিসেবে সহযোগিতা করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা, অতিথি, স্পন্সর এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে টুর্নামেন্ট সফল করায় কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, নতুন কমিটির নেতৃত্বে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনেও এই আয়োজন অব্যাহত রাখতে ক্লাব সদস্যদের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতের টুর্নামেন্টে আরও বেশি দলকে অংশগ্রহণের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার তারেক চৌধুরী আরও বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্লাব সেক্রেটারি আকরামুল হোসাইন টুর্নামেন্টের সাব কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, দূরদূরান্ত থেকে ক্লাব সদস্যরা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এসেছেন। এটি ক্রিকেটের প্রতি তাদের আগ্রহের বহিঃপ্রকাশ। টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করায় তিনি এক্সিকিউটিভ কমিটির সবাইকে ধন্যবাদ জানান।
ক্লাব ট্রেজারার আব্দুল হান্নান টুর্নামেন্টের সব স্পন্সরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যয়বহুল এই ক্রিকেট টুর্নামেন্ট স্পন্সরদের সহযোগিতা ছাড়া সফলভাবে সম্পন্ন করা চ্যালেঞ্জিং ছিল। সবার সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ এবং নির্বাহী সদস্য সারওয়ার হোসাইন, শাহিদুর রহমান সুহেল ও লোকমান হোসেন কাজী।