বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিতের মার্কিন নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার, ২১ আগস্ট, ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এ রায় দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নেওয়া এই নীতি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রচলিত আইনে অভিবাসী ভিসার আবেদন যাচাই ও সিদ্ধান্ত গ্রহণে কনস্যুলার কর্মকর্তাদের ভূমিকা নির্ধারিত রয়েছে।
বিচারক ভার্গাসের মতে, আবেদনকারীদের জাতীয়তার ভিত্তিতে সামগ্রিকভাবে অভিবাসী ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত বিদ্যমান আইনি কাঠামোর পরিপন্থী।
জানুয়ারিতে কার্যকর হওয়া নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বসনিয়া ও আলবেনিয়াসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের যুক্তি ছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার পর স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।
অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক এবং আফ্রিকান কমিউনিটিজ টুগেদারের করা মামলায় এ রায় আসে। মামলায় সংশ্লিষ্ট দেশগুলোর অভিবাসী ভিসা আবেদনকারী এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য আবেদন করা মার্কিন নাগরিকেরাও যুক্ত ছিলেন।
রায়ের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ন্ত্রণে বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছেন। তার প্রশাসনের দাবি, এসব উদ্যোগের লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো এসব নীতির কারণে মতপ্রকাশের স্বাধীনতা, যথাযথ আইনি অধিকার এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে হয়রানির ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছে।