৫ অক্টোবর বার্মিংহামে ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস, প্রেসলঞ্চে আনুষ্ঠানিক যাত্রা শুরু
আমিনা বেগম, বার্মিংহাম: দেশ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং গ্লোব লার্নিং পাথওয়ের প্রেজেন্টেশনে আগামী ২৫ অক্টোবর বার্মিংহামের বিংলি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’। ব্যবসা, পেশা ও কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের ৩৩টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে।
এ উপলক্ষে ৮ আগস্ট লন্ডনের হলিডে ইন হোটেলে আয়োজিত প্রেসলঞ্চ ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন দেশ ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান ড. মিসবাহুর রহমান।
এতে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল ও আহসান হাবিব সাবরু, ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মিডিয়া কো-অর্ডিনেটর বদরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আলেয়া খান। শুরুতে কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ফারহানা মৌ।
আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাবেক সম্পাদক নবাব উদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বখ্স, চ্যানেল এস টেলিভিশনের হেড অব প্রোগ্রাম ও প্রেজেন্টার ফারহান মাসুদ খান, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, দর্পণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মো. রহমত আলী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার ও বশির আহমদ, ডাইরেক্টর ড. শাহানুর খান, সাবিরুল ইসলাম, দেলেয়ার উদ্দিন, আনোয়ার খান ও রিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সাফল্য ও অবদানের স্বীকৃতির পাশাপাশি নতুন প্রজন্মকে ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, এবারের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি নেতা ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন স্থান থেকেও উদ্যোক্তারা অংশ নেবেন। প্রেসলঞ্চে উপস্থিত মিডিয়া পেশাজীবীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান আয়োজকেরা।
অ্যাওয়ার্ডের জন্য কাউকে মনোনয়ন দিতে দেশ ফাউন্ডেশন ইউকের ওয়েবসাইটে আবেদন করা যাবে। যোগাযোগের জন্য ফোন: 0121 231 1006, ইমেইল: info@desfoundation.org.uk এবং ফেসবুক: Deshfoundationuk। একই সঙ্গে আগ্রহীদের জন্য অনুষ্ঠানের স্পন্সরশিপের সুযোগও উন্মুক্ত রয়েছে।