বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা নেই বলে জানাল ইরান
ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির সরকার। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানান।
সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আরাগচি বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি আলোচনাতেই নেই।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি আশ্বস্ত হয়েছেন যে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। তবে এই তথ্য তিনি কার কাছ থেকে পেয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র থেকে তিনি বিষয়টি জেনেছেন।
বুধবার ওভাল অফিসে দেওয়া বক্তব্যে ট্রাম্প আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিকল্প বিবেচনায় রাখছে। একই সঙ্গে তিনি সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি।
ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হান্না জানান, ট্রাম্পের এই বক্তব্য ইরানের প্রতি তার অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দেয়। তার মতে, সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি আপাতত কিছুটা স্থিতিশীল হওয়ার দিকে যেতে পারে এবং তাৎক্ষণিক উত্তেজনা কমার সম্ভাবনাও রয়েছে।