পূর্ব লন্ডনের ঘটনায় শান্তি, ঐক্য ও আইনের শাসনের পক্ষে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জোরালো অবস্থান
পূর্ব লন্ডনে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা এবং আইনের শাসনের প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিউনিটির দীর্ঘদিনের অর্জিত সুনাম ও সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চার দশকে বিশেষ করে পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কঠোর পরিশ্রম, ত্যাগ, ধৈর্য ও ঐক্যের মাধ্যমে একটি সম্মানজনক অবস্থান গড়ে তুলেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করে বর্তমানে এই কমিউনিটির সদস্যরা ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জনসেবা, রাজনীতি, সংস্কৃতি, গবেষণা এবং কমিউনিটি নেতৃত্বসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইনের প্রতি শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত সমাজ গঠনের অঙ্গীকারই এই অগ্রগতির মূল ভিত্তি। তাই বর্তমান সময়ে বিভাজন, অসহিষ্ণুতা ও উগ্রপন্থী প্রবণতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
গত ১৫ জুন পূর্ব লন্ডনে সংঘটিত ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সহিংসতা, বিশৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শন কিংবা কমিউনিটিতে বিভাজন সৃষ্টির কোনো স্থান নেই। এ ধরনের কর্মকাণ্ড ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের অর্জিত মূল্যবোধ ও সুনামের সঙ্গে সাংঘর্ষিক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি ক্ষুদ্র গোষ্ঠীর দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের দায় পুরো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ওপর বর্তাতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক মতপার্থক্য বা সংঘাত যুক্তরাজ্যের রাস্তায় নিয়ে এসে কমিউনিটির শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক মত প্রকাশ অবশ্যই শান্তিপূর্ণ, আইনসম্মত এবং গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত।
এতে জানানো হয়, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের তথ্য পর্যালোচনা করা হচ্ছে। সহিংসতা, জনশৃঙ্খলা ভঙ্গ, সম্পদের ক্ষতি বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করেন না। তাদের কার্যকলাপ কমিউনিটির প্রকৃত মূল্যবোধ, ঐক্য ও ইতিবাচক পরিচয়ের প্রতিফলন নয়।
বিজ্ঞপ্তিতে পূর্ব লন্ডনকে শান্তিপূর্ণ, নিরাপদ এবং সম্প্রীতির আবাস হিসেবে ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে শিক্ষা, যুব উন্নয়ন, সমাজসেবা, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে শান্তি, পারস্পরিক শ্রদ্ধা, গণতন্ত্র এবং ঐক্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলা হয়, দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে অর্জিত সম্মান ও সুনাম রক্ষা করা সবার দায়িত্ব। একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে সেই অর্জন কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।