জ্যাকেটের হাতায় বাংলাদেশের প্রতীক তুলে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন সঞ্জয় দেব
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে বাংলাদেশের লাল সবুজ পতাকা, জাতীয় ফুল শাপলা এবং রয়েল বেঙ্গল টাইগারের প্রতীকী উপস্থিতি আন্তর্জাতিক দর্শকদের নজর কাড়ে। রবিবার (১৪ জুন ২০২৬) এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব বিশ্বমঞ্চে বিশেষভাবে আলোচনায় আসেন।
কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনার উদ্বোধনী ম্যাচের আগে ফিফার নতুন অফিসিয়াল গান পরিবেশনায় অংশ নেন সঞ্জয় দেব। তার সঙ্গে মঞ্চ ভাগ করেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ শিল্পী ভেজড্রিম। পুরো পারফরম্যান্সে দর্শকের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করে তার পরিহিত জ্যাকেট, যেখানে ডান হাতায় শৈল্পিক নকশায় ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় প্রতীকসমূহ।
জ্যাকেটের নকশায় দেখা যায় লাল সবুজ পতাকা, শাপলা এবং রয়েল বেঙ্গল টাইগারের প্রতীক, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয়কে ভিন্ন মাত্রায় তুলে ধরে। পারফরম্যান্স চলাকালীন সময়ে তিনি বারবার সেই প্রতীকের দিকে ইঙ্গিত করে নিজের শিকড়ের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ ঘটান বলে উপস্থিত দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়।
সঞ্জয় দেবের পারিবারিক সূত্র অনুযায়ী, তার শিকড় বাংলাদেশের সিলেট অঞ্চলের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। পরে পরিবারসহ তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং লস অ্যাঞ্জেলেসে বেড়ে ওঠেন। আন্তর্জাতিক মঞ্চে কাজ করলেও নিজের জন্মভূমির সংস্কৃতি ও পরিচয়কে ধারণ করার বিষয়টি তিনি সবসময় গুরুত্ব দিয়ে আসছেন।
পারফরম্যান্স শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বিভিন্ন নেটিজেন মন্তব্য করেন, বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও সাংস্কৃতিক উপস্থিতির মাধ্যমে সঞ্জয় দেব দেশের পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।
আন্তর্জাতিক সংগীত অঙ্গনে মাইকেল বুবল, অ্যালানিস মরিসেট এবং অ্যালিসিয়া কারার মতো তারকাদের সঙ্গে একই মঞ্চে তার এই পরিবেশনা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে বলে সাংস্কৃতিক বিশ্লেষকরা মনে করছেন।