ইরান ইস্যুতে সৌদির অবস্থান স্পষ্ট: ভূমি বা আকাশসীমা হামলায় ব্যবহারের অনুমতি নয়
সৌদি আরব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র বুধবার এএফপিকে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র যখন তেহরানকে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটে ইরানকে এই বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রগুলো উল্লেখ করেছে।
সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, রিয়াদ তেহরানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং এ উদ্দেশ্যে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও ইরানকে বার্তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানে চলমান পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে এবং নতুন কোনো আক্রমণ হলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌযান লক্ষ্যবস্তু হতে পারে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে—এমন প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরবসহ উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি থাকায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।