দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দম্পতির মৃত্যু
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় এক স্বামী-স্ত্রীর নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণাঞ্চলের হাবুশ শহরের আল সাহা এলাকায় একটি আবাসিক বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। এতে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
হামলায় নিহতদের নাম মুহাম্মদ হাসান জাম্মুল এবং তার স্ত্রী সাকিনা মুহাম্মদ আব্বাস মাক্কি বলে জানিয়েছে এনএনএ।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না তা খুঁজতে উদ্ধার অভিযান শুরু করেন।
তাৎক্ষণিকভাবে আরও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।