কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ এখন আর নেই।
মঙ্গলবার ১২ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রয়োজন হলে যথাযথ পর্যায়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ভারতীয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না এবং সরকারও এ ধরনের পদক্ষেপে আতঙ্কিত নয়। তিনি বলেন, যেখানে বাংলাদেশের কথা বলার প্রয়োজন হবে, সেখানে সরকার যথাযথভাবে নিজেদের অবস্থান তুলে ধরবে।
সীমান্ত ব্যবস্থাপনায় মানবিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিরাপত্তার নামে কোনো ধরনের অমানবিক আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। সীমান্তে গুলি বা সহিংসতার ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়েও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
হুমায়ুন কবির আরও বলেন, অতীতের মতো পরিস্থিতি পুনরাবৃত্তির চেষ্টা হলে বাংলাদেশ তা নীরবে পর্যবেক্ষণ করবে না। তবে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে পরিস্থিতি সেই দিকে যাবে না।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘ সীমান্তের একটি অংশে এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি। সীমান্ত নিরাপত্তা ও মানবিক আচরণ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।