পুলিশ স্থাপনায় আত্মঘাতী হামলা, পাকিস্তানে নিহত ১৫
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় পুলিশ স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম সূত্রে হতাহতের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শনিবার ১২ মে রাত প্রায় ৯টার দিকে সংঘটিত এ হামলায় বিস্ফোরকবোঝাই একটি দ্রুতগতির গাড়ি পুলিশ স্থাপনার ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। শক্তিশালী বিস্ফোরণে স্থাপনাটির বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের বিভিন্ন স্থাপনায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে রাতভর অভিযান পরিচালনা করা হয় বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে।
রোববার নিহত পুলিশ সদস্যদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজায় স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন।
নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাটি মূলত পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।