হায়দরাবাদে ছদ্মবেশে নারী পুলিশ, ৩ ঘণ্টায় ৪০ পুরুষের অশোভন প্রস্তাব
ভারতের হায়দরাবাদে নারীদের নিরাপত্তার বাস্তব চিত্র জানতে গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে রাস্তায় নামেন এক নারী পুলিশ কর্মকর্তা। মাত্র তিন ঘণ্টার অভিযানে প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এসে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়, যার মধ্যে ছিল অশোভন আচরণও।
তেলেঙ্গানা ক্যাডারের জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা ও হায়দরাবাদের মালকাজগিরির পুলিশ কমিশনার সুমতি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। পুলিশ পরিচয় গোপন রেখে তিনি মধ্যরাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত একটি বাসস্ট্যান্ডে সাধারণ নারীর মতো অবস্থান করেন।
পুলিশ সূত্র জানায়, এই সময়ের মধ্যে বহু ব্যক্তি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কেউ অশোভন প্রস্তাব দেয়, আবার কেউ নেশাগ্রস্ত অবস্থায় যোগাযোগের চেষ্টা করে। তাদের মধ্যে কয়েকজন তরুণ ও শিক্ষার্থীও ছিল। তবে কেউ বুঝতে পারেনি যে তিনি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
পরে সংশ্লিষ্ট কয়েকজনকে শনাক্ত করে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয় এবং জনসমক্ষে নারীদের প্রতি সম্মানজনক আচরণের বিষয়ে সতর্ক করা হয়।
স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের কার্যক্রম নারীদের নিরাপত্তা পরিস্থিতির বাস্তবতা তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, কর্মজীবনের শুরুতেও সুমতি একই ধরনের গোপন অভিযান পরিচালনা করেছিলেন। সম্প্রতি তিনি মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।