দুর্নীতির অভিযোগে দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড স্থগিত করল চীন
দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। বিষয়টি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। খবর বিবিসির।
বৃহস্পতিবার (৭ মে) ঘোষিত রায়ে আদালত দুজনকে ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করে। একই সঙ্গে তাদের সব ব্যক্তিগত সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ের ফলে দুই বছর পর তাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে। তবে সাজা হ্রাস কিংবা প্যারোলে মুক্তির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চীনে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই রায় সেই অভিযানেরই অংশ।
ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ সালের মার্চে তার স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই একই বছরের অক্টোবরে তাকে বরখাস্ত করা হয়।
সূত্র: বিবিসি নিউজ