দক্ষিণ লেবাননে খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত, দায় স্বীকার ইসরাইলের
দক্ষিণ লেবাননে খ্রিস্টানদের একটি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।
শনিবার এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানায়, ইয়ারুন গ্রামে সামরিক অভিযান চলাকালে একটি ধর্মীয় চত্বরে অবস্থিত একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের সময় এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই জানান, অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট ভবনটি ধর্মীয় স্থাপনা হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে একই কমপ্লেক্সের অন্য একটি স্থাপনায় ধর্মীয় পরিচয়ের স্পষ্ট চিহ্ন দেখা গেলে অতিরিক্ত ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে ফরাসি ক্যাথলিক দাতব্য সংস্থা লওভ্রে ডওরিয়েন্ট এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটির অভিযোগ, ইসরাইলি বাহিনী গ্রিক ক্যাথলিক সম্প্রদায়ের সালভাতোরিয়ান সিস্টারদের একটি কনভেন্ট ধ্বংস করেছে, যা তাদের মতে উপাসনালয়ে ইচ্ছাকৃত হামলার শামিল।
ইসরাইলি পক্ষ বলছে, ওই এলাকা থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে হিজবুল্লাহর একাধিক রকেট হামলার পরিপ্রেক্ষিতে সেখানে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে।