যে কোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত ইরান
যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
রোববার তেহরানে অনুষ্ঠিত রাষ্ট্রদূত ও বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন প্রধানদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
গারিবাবাদি বলেন, ইরান সবসময় স্বার্থভিত্তিক কূটনীতিতে বিশ্বাস করে এবং চলমান সংকট সমাধানে সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে আসছে। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রয়েছে।
তিনি জানান, চলমান সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে ইরান ইতোমধ্যে পাকিস্তানের কাছে একটি মধ্যস্থতা পরিকল্পনা উপস্থাপন করেছে। এখন কূটনৈতিক সমাধানের পথে এগোনো বা সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।
ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের দীর্ঘদিনের অবিশ্বাস থাকলেও কূটনৈতিক প্রচেষ্টায় ইরান আন্তরিকতা বজায় রাখবে। একই সঙ্গে প্রয়োজনে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে দেশ প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই সংঘাত ৮ এপ্রিল থেকে স্থগিত রয়েছে, তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।