ইরান যুদ্ধের প্রভাবে বন্ধ হচ্ছে স্পিরিট এয়ারলাইনসের কার্যক্রম
বৈশ্বিক জ্বালানি সংকট ও ব্যয় বৃদ্ধি সামাল দিতে না পেরে কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বল্প বাজেটের বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইনস।
শনিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সাম্প্রতিক তেলের মূল্যবৃদ্ধি এবং আর্থিক চাপ তাদের ব্যবসায়িক সম্ভাবনাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিমান পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে জেট ফুয়েলের উচ্চমূল্য সামাল দিতে ব্যর্থ হয়ে দুই বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেউলিয়া হয়ে পড়ে প্রতিষ্ঠানটি।
সংস্থাটি জানায়, নতুন কোনো আর্থিক সহায়তা না পাওয়ায় তাদের কার্যক্রম বন্ধ করা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। ইতোমধ্যে সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সংস্থাটিকে টিকিয়ে রাখতে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ৫০০ মিলিয়ন ডলারের একটি উদ্ধার পরিকল্পনা প্রস্তাব করা হয়েছিল। তবে প্রস্তাবটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী বিমান খাতে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে আরও কিছু এয়ারলাইনসের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।