বিএনপি ক্ষমতায় এলে শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার হবে: মির্জা ফখরুল
বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার, ১৩ জানুয়ারি রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এ বক্তব্য দেন। পোস্টে তিনি জানান, ঢাকা এয়ারপোর্টে নামার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে থাকাকালে এক তরুণ তার স্ত্রীসহ এগিয়ে এসে হাদির বিচারের দাবি তোলেন। জবাবে তিনি ইনশাআল্লাহ বলে আশ্বাস দেন।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রপন্থী ও নির্বাচনকেন্দ্রিক প্রচারণায় সক্রিয় এক তরুণকে হত্যার ঘটনা বিচারহীন থাকতে পারে না। তিনি হাদিসহ মুদাসসীর ও সাম্য নাম উল্লেখ করে বলেন, এ ধরনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার এই মাটিতে হতে হবে।