ইরানের সংগ্রামে জনগণের সাহসিকতার প্রশংসা পুতিনের, সহযোগিতার আশ্বাস
মার্কিন ও ইসরাইলি চাপের মুখে ইরানের জনগণের দৃঢ় অবস্থান ও সংগ্রামের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তেহরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন।
বৈঠকে তিনি বলেন, ইরানি জনগণ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে দৃঢ়তা দেখাচ্ছে তা প্রশংসনীয়। বর্তমান সংকট মোকাবিলা করে দেশটি দ্রুত স্থিতিশীলতায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পুতিন আরও জানান, রাশিয়া এমন পদক্ষেপ নেবে যা ইরানের পাশাপাশি পুরো অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করবে। তিনি দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মস্কো ইতোমধ্যে এ অঞ্চলের উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণে রাশিয়ার প্রস্তাবের কথাও আলোচনায় উঠে আসে, যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো সম্মতি দেয়নি।
বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে রাশিয়ার এই অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।