জাতিসংঘে সক্রিয় কূটনীতিতে বাংলাদেশের ভিশন তুলে ধরছেন কূটনীতিকরা
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকরা বহুপক্ষীয় কূটনীতির মাধ্যমে নবনির্বাচিত সরকারের ভিশন ও অগ্রাধিকার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন।
শনিবার আন্তর্জাতিক প্রতিনিধিদিবস উপলক্ষে জেনেভাস্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধিরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দফতরে সক্রিয় ভূমিকা পালন করে একটি শক্তিশালী ও গতিশীল কূটনৈতিক উপস্থিতি গড়ে তুলছেন।
এতে আরও উল্লেখ করা হয়, প্রচলিত কূটনৈতিক কাঠামোর বাইরে গিয়ে তারা শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট বৈশ্বিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
বাংলাদেশ মিশনের মতে, এই ধারাবাহিক সক্রিয় কূটনীতি আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।
বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ যেমন মহামারি, জলবায়ু সংকট, উন্নয়নগত সীমাবদ্ধতা ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রতিনিধিরা সংলাপ ও সহযোগিতার মাধ্যমে কাজ করছেন।
এছাড়া জাতিসংঘের বিভিন্ন ফোরামে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দেশের স্বার্থ তুলে ধরা, মানবাধিকার ও উন্নয়ন এগিয়ে নেওয়া এবং শান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণ অব্যাহত রেখেছেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, বহুপক্ষীয় কূটনীতির এ সক্রিয় ভূমিকা ভবিষ্যতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।