যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ না হলে হরমুজ খোলা সম্ভব নয়, বললেন গালিবাফ
হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, যেখানে তিনি বর্তমান পরিস্থিতিতে একাধিক শর্ত পূরণের ওপর গুরুত্বারোপ করেছেন।
বুধবার ২২ এপ্রিল ২০২৬ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ এবং সব ফ্রন্টে ইসরাইলের সামরিক কর্মকাণ্ড বন্ধ না হলে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে না।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করে এমন নৌ অবরোধ চলমান থাকলে পরিস্থিতি আরও জটিল হবে এবং এ অবস্থায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।
গালিবাফ আরও বলেন, সামরিক চাপ বা আগ্রাসনের মাধ্যমে ইরানের কাছ থেকে কোনো ধরনের ছাড় আদায় করা সম্ভব নয়। অতীতেও এমন প্রচেষ্টা সফল হয়নি এবং বর্তমানেও তা কার্যকর হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের জাতীয় অধিকার স্বীকার করাই সংকট সমাধানের একমাত্র পথ।
সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি, যা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।