ইরানের তেলে নিষেধাজ্ঞা শিথিলের সময় বাড়াল যুক্তরাষ্ট্র
ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুধবার ২২ এপ্রিল ২০২৬ এ তথ্য জানানো হয়।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বেশ কিছু দেশ তেল সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এ পরিস্থিতিতে ঝুঁকিতে থাকা দেশগুলোর অনুরোধ বিবেচনায় নিয়েই মেয়াদ বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বৈঠকের সময় প্রায় ১০টি দেশের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের সময় বাড়ানোর অনুরোধ করেছিলেন।
নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে মার্কিন প্রশাসন। কারণ এর আগে নিষেধাজ্ঞা শিথিলের সময়সীমা আর না বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।