যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিলের কারণ জানালো দূতাবাস
যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিলের সম্ভাব্য কারণ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শিক্ষার্থীদের ভিসার শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে দূতাবাস জানিয়েছে, নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে হতে পারে।
শনিবার এক বার্তায় দূতাবাস উল্লেখ করে, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা বন্ধ করে দেন, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকেন অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কার্যক্রম থেকে সরে দাঁড়ান, তাহলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
এছাড়া এমন পরিস্থিতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পুনরায় ভিসা আবেদন করার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানানো হয়।
দূতাবাস শিক্ষার্থীদের বৈধ অবস্থান বজায় রাখতে সবসময় ভিসার শর্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছে এবং যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত রাখার গুরুত্ব তুলে ধরেছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামান্য অসতর্কতাও ভবিষ্যৎ শিক্ষাজীবনে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।