শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনায় ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ঢাকার অনুরোধ বর্তমানে পর্যালোচনা করছে ভারত সরকার বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার ১৭ এপ্রিল নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি ভারতের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের প্রসঙ্গ টেনে মুখপাত্র বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার ও সহযোগিতা বাড়াতে উভয় পক্ষই আগ্রহী। এ সময় দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে ফলোআপ বৈঠকের প্রস্তুতি চলছে।
জানা গেছে, গত ৮ এপ্রিল দিল্লি সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আবারও তুলে ধরা হয়।
পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানান, কৌশলগত কারণে আলোচনার সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।