হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শর্তসাপেক্ষ নতুন প্রস্তাব ইরানের
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আংশিক স্বাভাবিক করতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, তবে তা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত মেনে নিতে হবে বলে জানিয়েছে তেহরান।
প্রস্তাব অনুযায়ী, বাণিজ্যিক জাহাজগুলো প্রণালির ওমান অংশ দিয়ে চলাচল করতে পারবে এবং সে ক্ষেত্রে ইরান হামলা চালাবে না। তবে এই ব্যবস্থা কার্যকর হবে কেবল তখনই, যখন ওয়াশিংটন ইরানের উত্থাপিত দাবিগুলো গ্রহণে প্রস্তুত থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করেছে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন ১২০ থেকে ১৪০টি জাহাজ এ প্রণালি দিয়ে চলাচল করলেও বর্তমানে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অবরোধের কারণে বহু জাহাজ হরমুজ এলাকায় আটকা পড়েছে এবং হাজারো নাবিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
এ পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে। বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই প্রস্তাব আংশিক সমাধানের ইঙ্গিত দিলেও তা কার্যকর করতে কূটনৈতিক অগ্রগতি জরুরি, অন্যথায় হরমুজকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে পারে।