ইরানের সঙ্গে চুক্তিতে আশাবাদী যুক্তরাষ্ট্র, ইসলামাবাদেই হতে পারে পরবর্তী বৈঠক
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস।
বুধবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, দুই দেশের মধ্যে পরবর্তী বৈঠক নিয়ে আলোচনা চলছে এবং তা ইসলামাবাদেই হওয়ার সম্ভাবনা বেশি।
তিনি বলেন, আলোচনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্র আশাবাদী।
গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনা কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হলেও উভয় পক্ষই আলোচনার পথ খোলা রেখেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দেন, জানিয়েছেন, দীর্ঘদিনের বিরোধ নিরসন এবং চলমান সংঘাতের অবসানে ইরানের কাছে একটি বড় ধরনের সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে।
এই প্রস্তাবে বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্য নিরসনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান প্রসঙ্গে তেলআবিব ও ওয়াশিংটনের লক্ষ্য এক এবং এ বিষয়ে দুই দেশের অবস্থান সমন্বিত রয়েছে।