তুরস্কে স্কুলে গুলিবর্ষণ, শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ৯
তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার কাহরামানমারাস এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানিয়েছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে ৮ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৩ জন, যাদের মধ্যে ৬ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনায় জড়িত ১৪ বছর বয়সী হামলাকারীও নিহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ওই স্কুলেরই একজন শিক্ষার্থী।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করে গুলি চালায়। তার কাছে একাধিক অস্ত্র ও গুলি ছিল। স্থানীয় প্রশাসনের দাবি, এসব অস্ত্র তার সাবেক পুলিশ কর্মকর্তা বাবার মালিকানাধীন হতে পারে। এ ঘটনায় তার বাবাকে আটক করা হয়েছে।
ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে পড়ছে এবং দৌড়ে স্কুল ত্যাগ করছে।
হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।