স্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালি, ট্রাম্পের দাবি
হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ পদক্ষেপে চীনসহ বৈশ্বিক অর্থনীতি উপকৃত হবে এবং ভবিষ্যতে এমন অচলাবস্থা আর সৃষ্টি হবে না।
বুধবার ১৫ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ সচল রাখার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এ উদ্যোগে চীন সন্তুষ্ট এবং দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার হবে।
ট্রাম্প আরও জানান, ইরানে সমরাস্ত্র সরবরাহ না করার বিষয়ে চীন সম্মত হয়েছে বলে তিনি বিশ্বাস করেন এবং শিগগিরই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে এ সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
অন্যদিকে ইরান আগেই সতর্ক করে জানিয়েছে, তাদের ওপর আরোপিত নৌ অবরোধ অব্যাহত থাকলে শুধু হরমুজ নয়, আশপাশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথেও বাণিজ্য ব্যাহত হতে পারে। দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে, ফলে এ অঞ্চলের পরিস্থিতি বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।