টাইমের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান
বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার প্রকাশিত এ তালিকায় তাকে লিডারস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা স্থান পেয়েছেন।
তালিকায় শীর্ষে রয়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এর পরের অবস্থানগুলোতে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টাইম ম্যাগাজিনের এডিটর অ্যাট লার্জ ক্যাম্পবেল তারেক রহমানকে নিয়ে লিখেছেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিবর্তনের ধারায় তিনি দ্রুত একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতায় পরিণত হয়েছেন। দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর দেশে ফিরে নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন।
প্রকাশিত প্রোফাইলে উল্লেখ করা হয়, তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখেছেন। দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের বিষয়টিও সেখানে তুলে ধরা হয়েছে।
টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। তিনি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন।
ম্যাগাজিনটি আরও উল্লেখ করেছে, দীর্ঘ রাজনৈতিক নির্বাসনের অভিজ্ঞতা তাকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অনুপ্রাণিত করছে এবং সময় নষ্ট না করে দেশ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।