হরমুজে সংকট অব্যাহত, তেলের দাম আরও বাড়তে পারে সতর্ক করলেন মার্কিন জ্বালানিসচিব
বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার মধ্যে তেলের দাম আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিসচিব ক্রিস রাইট। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে উচ্চমূল্য বজায় থাকতে পারে।
বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচলে বিঘ্ন থাকায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হচ্ছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সেমাফোর ওয়ার্ল্ড ইকোনমি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ক্রিস রাইটের মতে, প্রণালিতে কার্যকরভাবে জাহাজ চলাচল শুরু না হওয়া পর্যন্ত তেলের দাম উচ্চ পর্যায়েই থাকবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত হলে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করলে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে। তবে এই প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং পরিস্থিতি স্বাভাবিক হতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বলেও ধারণা দেন তিনি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ অঞ্চলের যেকোনো অস্থিরতা সরাসরি তেলের দামে প্রভাব ফেলছে।