লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ উদযাপনকে কেন্দ্র করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১২ এপ্রিল বিকেলে পূর্ব লন্ডনের একটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
সংগঠনের সভাপতি এবং সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসে ঈদ উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের হ্যারিংওয়ে কাউন্সিলের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব। তিনি বলেন, যুক্তরাজ্যে প্রবাসীদের জন্য ঈদ একদিকে ব্যস্ততা ও দূরত্বের অনুভূতি বহন করলেও অন্যদিকে এটি আন্তরিকতা, সংস্কৃতি ও আবেগের এক অনন্য মেলবন্ধন। পরিবার থেকে দূরে থেকেও মসজিদ, কমিউনিটি সেন্টার ও বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপনের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যকে ধরে রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রবাসে ঈদ মানে এক টুকরো বাংলাদেশের অনুভূতি, যা পূর্বসূরীদের রেখে যাওয়া ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও বয়ে চলেছে।
আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি এস কে এম আশরাফুল হুদা। এতে প্রবাসে ঈদ উদযাপনের অতীত ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্টজন বক্তব্য রাখেন। বক্তারা প্রবাসে সাংস্কৃতিক বন্ধন জোরদার এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়। বিভিন্ন শিল্পীর পরিবেশনায় উপস্থিত দর্শকরা উপভোগ করেন উৎসবমুখর আয়োজনটি।
সমগ্র অনুষ্ঠানটি প্রবাসে ঈদ উদযাপনের ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।