শক্তির প্রদর্শন ও যুদ্ধ যথেষ্ট, শান্তির আহ্বান পোপ লিওর
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আবারও যুদ্ধবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও।
তিনি বলেছেন, শক্তির প্রদর্শন ও যুদ্ধের পথ থেকে সরে এসে এখন শান্তি ও ন্যায্য সমাধানের দিকে এগোনো জরুরি। শনিবার ১০ এপ্রিল সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এক প্রার্থনা সভায় তিনি এ আহ্বান জানান।
পোপ লিও তার বক্তব্যে বলেন, আত্মসম্মান ও অর্থের পূজা যথেষ্ট হয়েছে এবং শক্তির প্রদর্শনও যথেষ্ট হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ আর নয়।
এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে তিনি তা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিলেন। পাশাপাশি সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে ন্যায্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন।
যদিও সাম্প্রতিক বক্তব্যে তিনি সরাসরি কোনো দেশ বা নেতার নাম উল্লেখ করেননি, তবে পর্যবেক্ষকদের মতে তার এই বার্তা মূলত যুদ্ধপন্থী অবস্থান গ্রহণকারী শক্তিগুলোর প্রতিই ইঙ্গিত করে দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, ভ্যাটিকান থেকে এমন স্পষ্ট শান্তির আহ্বান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে সংলাপের গুরুত্ব বাড়াতে পারে।